স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৯ নভেম্বর: সাব্রুম মহকুমার সাতচাঁদ ব্লকের বিভিন্ন এলাকায়
ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। বুধবার রাত থেকে লাগাতার প্রচণ্ড
ঝড়-বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষিকাজ। বর্তমানে ধান কাটার মরশুম চলায় মাঠ
থেকে পাকা ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিচ্ছিলেন কৃষকরা। কিন্তু প্রকৃতির রুদ্ররূপে
সেই আশায় কার্যত জল ঢেলে দিয়েছে। প্রবল ঝড়-বৃষ্টির কারণে জমিতে কাটা অবস্থায় থাকা
ধান জলের তলায় তলিয়ে গিয়েছে। পাশাপাশি আলু চাষের জন্য প্রস্তুত করা একাধিক কৃষিজমিও
জলমগ্ন হয়ে পড়েছে। সাতচাঁদ, সিন্দুক, কালাছড়া, মাইরা, মনুবাজার-সহ মহকুমার একাধিক
এলাকায় একই চিত্র দেখা যাচ্ছে। ফলে মাথায় হাত পড়েছে অসহায় কৃষকদের। কৃষকদের বক্তব্য,
প্রাকৃতিক দুর্যোগের কাছে তাঁদের সমস্ত পরিশ্রম কার্যত বিফলে যেতে বসেছে। একদিকে ফসল
ঘরে তোলার সময়, অন্যদিকে লাগাতার বৃষ্টিতে জমির ফসল নষ্ট হওয়ায় বড়সড় আর্থিক ক্ষতির
আশঙ্কা করছেন তাঁরা।
এই পরিস্থিতিতে
ক্ষতিগ্রস্ত কৃষকরা রাজ্য সরকারের কাছে দাবি, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত
কৃষিজমি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির হিসাব তৈরি করা হোক এবং সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ
ও প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করা হোক। এদিকে কাঠালিয়া ব্লকের অন্তর্গত উত্তর
মহেশপুরে বৃষ্টির ফলে মাথায় হাত কৃষকদের। এমনিতেই সঠিক সময়ে বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে
আমন ধানের ফলন ভালো হয় নি। বর্তমানে ধান পাকার পর কৃষকরা ধান ঘরে তোলার জন্য কৃষি জমিতে
ধান কেটে রাখে। এরই মধ্যে নামে বৃষ্টি। আর এই অসময়ের বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষকরা।
স্বাভাবিক ভাবেই মাথায় হাত কৃষকদের। বড় ধরনের ক্ষতি এড়াতে বর্তমানে কৃষকরা কাঁটা ধান
বৃষ্টিকে উপেক্ষা করে ঘরে তুলতে ব্যস্ত। কৃষক তপন দেবনাথ জানান সময় মতো বৃষ্টি না হওয়ার
কারণে এইবার ধানের ফলন ভালো হয় নি। তার উপর পাকা ধান কাটার পর বৃষ্টি শুরু হয়েছে। ফলে
তিনি ক্ষতির সন্মুখীন। এখন দেখার বিষয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাতচাঁদ ব্লকের
কৃষকদের পাশে দাঁড়াতে প্রশাসন ও রাজ্য সরকার কত দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান