নয়াদিল্লি, ২৪ মে (হি. স.) : আফ্রিকার একাধিক দেশে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা সংক্রমণ মোকাবিলায় মানবিক সহায়তার হাত বাড়াল ভারত। ইবোলা সংক্রান্ত জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি সামাল দিতে চিকিৎসা সামগ্রী ও সুরক্ষা কিটের প্রথম চালান (দফা) রবিবার আফ্রিকায় পাঠিয়েছে ভারত সরকার। এই সহায়তা পাঠানো হয়েছে আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-এর কাছে।
রবিবার বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ জানান, ইবোলা সংকট মোকাবিলায় আফ্রিকার দেশগুলির পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে ভারত। তিনি লেখেন, “ইবোলা জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় আফ্রিকাকে সহায়তা করতে ভারত সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।”
ভারতের পাঠানো সাহায্যের মধ্যে রয়েছে জরুরি চিকিৎসা সামগ্রী, সুরক্ষা উপকরণ এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ সেফটি কিট। সংক্রমণ নিয়ন্ত্রণ, রোগীদের চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সামগ্রী ব্যবহার করা হবে।
আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক স্তরে সহযোগিতা ও দ্রুত চিকিৎসা সহায়তার প্রয়োজনীয়তা বেড়েছে। এই পরিস্থিতিতে ভারতের পদক্ষেপকে বৈশ্বিক সংহতি ও মানবিক অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, ইবোলার মতো প্রাণঘাতী সংক্রামক রোগ মোকাবিলায় দ্রুত চিকিৎসা সহায়তা, সুরক্ষা সরঞ্জাম এবং আন্তর্জাতিক সমন্বয় অত্যন্ত জরুরি। অতীতেও বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে একাধিক দেশকে ওষুধ, টিকা ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে ভারত।
ভারত সরকার সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রয়োজন হলে আগামী দিনগুলিতে আরও অতিরিক্ত চিকিৎসা সামগ্রী পাঠানো হতে পারে, যাতে আক্রান্ত দেশগুলিতে স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা যায়।
উল্লেখ্য, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোয় চলমান ইবোলা প্রাদুর্ভাবে এখনও পর্যন্ত ২০৪ জনের মৃত্যু হয়েছে বলে সে দেশের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। মোট ৮৬৭টি সন্দেহভাজন আক্রান্তের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) পরিস্থিতিকে ‘আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য জরুরি অবস্থা’ হিসেবে ঘোষণা করেছে। আফ্রিকা সিডিসিও মহাদেশীয় স্তরে জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। আফ্রিকার একাধিক দেশে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হওয়ায় ভারতও নাগরিকদের কঙ্গো, উগান্ডা ও দক্ষিণ সুদানে অপ্রয়োজনীয় সফর এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।”

